ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান মূহুর্তে”
বিশেষ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার ২৪ জুলাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ রানা মোল্লা। এসময় ইউনিয়নের নির্বাচিত মেম্বার, ইউনিয়নের দায়িত্বরত গ্রাম পুলিশ এবং সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিয়নের হাজারো বাসিন্দা উপস্থিত ছিলেন। বিপুল মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, চেয়ারম্যান মোহাম্মাদ রানা মোল্লা দায়িত্ব গ্রহণের পর সুকতাইল ইউনিয়নে নাগরিক সেবার মানোন্নয়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন এসেছে। তাদের দাবি, জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমেছে এবং সরকার নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমেই দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সমস্যা শুনে তা সমাধানে কাজ করছেন চেয়ারম্যান রানা মোল্লা। তাঁর উদ্যোগে তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে ইউনিয়নের অবকাঠামো ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে স্থানীয়রা মনে করেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, একসময়ের প্রত্যন্ত এই ইউনিয়নে এখন উন্নয়নের ছোঁয়া স্পষ্ট। নাগরিক সুবিধা বৃদ্ধি, জনবান্ধব সেবা এবং মানবিক কর্মকাণ্ডের কারণে মোহাম্মাদ রানা মোল্লা এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য ডা. কে এম বাবর সুকতাইল ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।