গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা শুরু
বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিষয়ে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় চিত্রাঙ্কণ ও বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতা।
আয়োজক কমিটি জানান, এবারের বিতর্ক প্রতিযোগিতায় জেলার স্বনামধন্য ১৬ টি বিদ্যালয়ের বিতার্কিক দল মোট ৮টি বিষয়ের উপর প্রতিদ্বন্দিতা করেছে। তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতেই এ আয়োজন।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। ফাইনাল বিতর্ক শেষে চিত্রাঙ্কণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দু’দিন ব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।