সাহিদ আহম্মেদ টুটুল
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষা কর্মকর্তা এম এ নাঈম। তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও দায়িত্বশীল কর্মকাণ্ডে উপজেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়মিত পরিদর্শন করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজর দেওয়া এবং শিক্ষকদের সময়োপযোগী দিকনির্দেশনা প্রদানে তাঁর আন্তরিকতা সবার নজর কাড়ে।
শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর প্রচেষ্টায় অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে এবং পাঠদানের মান আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন জাতীয় দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।
স্থানীয় অভিভাবকরা জানান, এম এ নাঈম একজন মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা। কোনো সমস্যার কথা জানালে তিনি দ্রুত সমাধানের চেষ্টা করেন। শিক্ষকদের কাছেও তিনি একজন সহযোগিতাপরায়ণ কর্মকর্তা হিসেবে পরিচিত।
সংশ্লিষ্ট মহলের মতে, একজন দক্ষ ও কর্মঠ শিক্ষা কর্মকর্তা হিসেবে এম এ নাঈম ভবিষ্যতেও মুকসুদপুর উপজেলার প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।