ফাইনালে ইতিহাস বিভাগকে হারাল 2-0 গোলে,ঘরে তুলল সব ব্যক্তিগত পুরস্কার।
তানভীর হাসান সৈকত, বিশেষ প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত গোপালগঞ্জ সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইতিহাস বিভাগকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবস্থাপনা বিভাগ।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুরু থেকেই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ব্যবস্থাপনা বিভাগের খেলোয়াড়রা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্যবস্থাপনা বিভাগ।
চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ব্যবস্থাপনা বিভাগ ট্রফির সঙ্গে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসসহ টুর্নামেন্টের সব ব্যক্তিগত পুরস্কারও অর্জন করে।
দলের অধিনায়ক রাব্বি মিয়া টুর্নামেন্টের গোল্ডেন বল ও গোল্ডেন বুট পুরস্কার লাভ করেন। আর অসাধারণ গোলকিপিংয়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন গ্লাভস অর্জন করেন ব্যবস্থাপনা বিভাগের গোলরক্ষক সজীব।
ব্যবস্থাপনা বিভাগের দলের কোচের দায়িত্ব পালন করেন বিভাগের প্রধান জনাব সালেহ উদ্দিন ভূঁইয়া এবং ম্যানেজারের দায়িত্বে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. নাহিদুল হক।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. ইকবাল হোসেন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম।
টুর্নামেন্টজুড়ে ব্যবস্থাপনা বিভাগের খেলোয়াড়দের সমন্বিত পারফরম্যান্স, দলীয় শৃঙ্খলা ও ধারাবাহিক সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে প্রাণবন্ত এই আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।